মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

হাদীস সংকলন

২টি হাদীস

“শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ শোনেনি। অতএব তোমরা সাবধান থাকবে এবং তাদেরও সাবধান রাখবে।

عَنْ ‌أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي أُنَاسٌ يُحَدِّثُونَكُمْ مَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ، فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ».
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ শোনেনি। অতএব তোমরা সাবধান থাকবে এবং তাদেরও সাবধান রাখবে।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আমার উম্মতের শেষ জমানায় কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা মিথ্যা রচনা করবে এবং তারা এমন কথা বলবে যা তাদের পূর্বে কেউ বলেনি। তারা মিথ্যা ও বানোয়াট হাদীস সম্পর্কে সংবাদ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন যে, আমরা তাদের থেকে দূরে থাকবো এবং তাদের সাথে বসবো না এবং তাদের হাদীস শুনবো না, যেন সেই বানানো হাদীস অন্তরে বদ্ধমূল না হয়ে যায়, যা থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে যাবে।

শিক্ষা
  1. হাদীসটিতে নবুওয়তের একটি নিদর্শন রয়েছে , পরবর্তীতে যা ঘটবে তার সংবাদ আগেই নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বস্তুত যা সংবাদ দিয়েছেন তা ঘটছেও।
  2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মের ওপর যারা মিথ্যা রচনা করবে তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের মিথ্যা শোনা যাবে না।
  3. বিশুদ্ধতা ও প্রমাণ্যতা যাচাই না করে হাদীস গ্রহণ করা ও প্রচার করা থেকে সতর্ক থাকা জরুরি।
সূত্র

صحيح مسلم (1/ 12) (6)، قرة عين المحتاج في شرح مقدمة صحيح مسلم بن الحجاج (2/ 8).

HadeethEnc.com-এ এই হাদীস

তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, এ মুখ থেকে সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না”।

عن عبدِ الله بن عمرو رضي الله عنهما قال: كنتُ أكتبُ كلَّ شيءٍ أسمعُه من رسولِ الله صلَّى الله عليه وسلم أُريدُ حفْظَه، فنهتْني قريشٌ، وقالوا: أتكْتبُ كلَّ شيءٍ تَسمَعُه من رسول الله صلَّى الله عليه وسلم، ورسولُ الله صلَّى الله عليه وسلم بَشَرٌ يتكلَّمُ في الغضَبِ والرِّضا؟ فأمسَكتُ عن الكتاب، فذكرتُ ذلك لرسول الله صلَّى الله عليه وسلم، فأومأ بإصبَعِه إلى فيه، فقال: «اكتُبْ، فوالذي نفسي بيدِه، ما يَخرُجُ منه إلا حقٌّ».
আব্দুল্লাহ বিন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যা কিছু শুনতাম তা মনে রাখার স্বার্থে লিখে রাখতাম। কুরাইশরা আমাকে (সবকিছু লিখতে) নিষেধ করলেন এবং বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে শোনা সবকিছুকেই লিখে রাখো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, রাগ ও শান্ত উভয় অবস্থায় কথা বলে থাকেন। সুতরাং আমি লেখা থেকে বিরত থাকলাম। আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করলাম। তিনি তাঁর আঙ্গুল দিয়ে তাঁর মুখের দিকে ইশারা করে বললেনঃ “তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, এ মুখ থেকে সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না”।
আবু দাউদ এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যা কিছু শুনতাম তা লিখে রাখতাম যেন লিখার সাহায্যে তা মুখস্থ করতে পারি। কুরাইশদের কিছু লোক আমাকে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ রাগ ও শান্ত উভয় অবস্থায় কথা বলে থাকেন, কখনো তিনি ভুল করতে পারেন। সুতরাং আমি লেখা থেকে বিরত থাকলাম। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা যা বলেছে তার সংবাদ দিলাম। তিনি আঙ্গুল দিয়ে তাঁর মুখের দিকে ইশারা করে বললেনঃ তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, এ মুখ থেকে রাগ ও শান্ত সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না। আল্লাহ তা‘আলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন: (তিনি প্রবৃত্তি থেকে বলেন না*, তা তো কেবলই অহী যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়) [আন-নাজম ৩-৪]।

শিক্ষা
  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রাগ ও শান্ত অবস্থায় যা কিছু তাঁর মহান রবের তরফ থেকে প্রচার করেন তাতে তিনি নির্ভুল থাকেন।
  2. সাহাবীগণ রাদিয়াল্লাহু ‘আনহুমের সুন্নাহ মুখস্থ করা ও তা প্রচার করার প্রতি গভীর আগ্রহ।
  3. বিশেষ প্রয়োজনে, কসম তলব করা ছাড়াও কসম করা বৈধ, যেমন কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে কসম করা।
  4. ইলম সংরক্ষণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইলম লিপিবদ্ধ করে রাখা।
সূত্র

سنن أبي داود (5/ 489) (3646)، شرح سنن أبي داود للعباد (412/ 21).

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com